বাসস
  ১১ আগস্ট ২০২৬, ২২:০৮

সরকারি অনুদানে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের চেষ্টা করতে হবে : গয়েশ্বর

দক্ষিণ কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় । ছবি: বাসস

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সকলের যৌথ প্রচেষ্টায় সমাজ থেকে দারিদ্র্য নিরসন সম্ভব। 

তিনি বলেন, যে আর্থিক সহায়তা বা ভিজিডি, নারী কার্ড ও ফার্মার্স কার্ড দেওয়া হচ্ছে, তার সদ্ব্যবহার করতে হবে। কেবল সাময়িক খরচের জন্য এই অর্থ ব্যয় না করে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের চেষ্টা করতে হবে।

আজ দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জে ২০২৬-২০২৭ অর্থবছরের মানবিক কর্মসূচির আওতায় অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে জিআর কর্মসূচির নগদ টাকার চেক হস্তান্তর এবং বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে যে আস্থা ও বিশ্বাস বজায় রেখেছে, তা রক্ষা করা আমাদের দায়িত্ব। জনগণের আশা-আকাঙ্ক্ষা ও ভরসাকে সম্মান জানিয়ে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার।’

সরকারি সহায়তার অর্থ বণ্টনে স্বচ্ছতার ওপর তাগিদ দিয়ে দলীয় নেতাকর্মী ও উপজেলা কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘সকলের যৌথ প্রচেষ্টায় সমাজ থেকে দারিদ্র্য নিরসন সম্ভব। যে আর্থিক সহায়তা বা ভিজিডি, নারী কার্ড ও ফার্মার্স কার্ড দেওয়া হচ্ছে, তার সদ্ব্যবহার করতে হবে। কেবল সাময়িক খরচের জন্য এই অর্থ শেষ না করে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের চেষ্টা করতে হবে। তাই আত্মীয়-স্বজন বা রাজনৈতিক পরিচয় দেখে নয়, কেবল পাওয়ার যোগ্য ও প্রকৃত দুস্থদের মা এই সাহায্য পৌঁছাতে হবে। যার প্রয়োজন নেই, সে যেন হিংসা না করে বরং অন্যকে পাওয়ার সুযোগ করে দেয়- এই মানসিকতা আমাদের বজায় রাখতে হবে।’

পরিবেশ রক্ষা ও পারিবারিক সঞ্চয়ের জন্য বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে গয়েশ্বর বলেন, বাড়ির খালি জায়গায় গাছ লাগালে তা ভবিষ্যতের পুঁজি হিসেবে কাজ করবে। গাছ আমাদের বিশুদ্ধ অক্সিজেন দেয়, পরিবেশ সতেজ রাখে এবং বিপদের দিনে আর্থিক সহায়তাও জোগায়। তাই প্রত্যেকেই বেশি করে ফলদ ও বনজ গাছ রোপণ করা দরকার।

কোন্ডা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

সভা পরিচালনা করেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরে উপকারভোগীদের হাতে সহায়তার চেক ও গাছের চারা তুলে দেন অতিথিরা।