বাসস
  ১১ আগস্ট ২০২৬, ২০:৩৯
আপডেট : ১১ আগস্ট ২০২৬, ২১:২৪

কামরাঙ্গীরচরে জলাবদ্ধতা নিরসন ও মশক নিয়ন্ত্রণ করা হবে: ডিএসসিসি প্রশাসক

ছবি: বাসস

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ (বাসস): ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, কামরাঙ্গীরচরের জলাবদ্ধতা নিরসন, মশক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই কামরাঙ্গীরচরের বিভিন্ন উন্নয়নকাজ শুরু হয়েছে। 

রাস্তাঘাট, মাঠ ও জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে। সব সমস্যা কয়েক মাসের মধ্যে সমাধান করা সম্ভব নয়, তবে ধাপে ধাপে এসব সমস্যার সমাধান করা হবে।

মঙ্গলবার বিকেলে কামরাঙ্গীরচর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ডিএসসিসির ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত বিশেষ মশক নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মশাবাহিত রোগ প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, বাড়ি বা আশপাশে তিন দিনের বেশি পানি জমে থাকলে সেখানে মশার লার্ভা জন্মাতে পারে।

তাই মশার ওষুধ ছিটানোর পাশাপাশি নিজ নিজ এলাকায় পানি জমতে না দেওয়ার বিষয়েও নাগরিকদের সচেতন হতে হবে।

বৃক্ষরোপণকে দল-মতের ঊর্ধ্বে রেখে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মো. আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি চারা রোপণের পরিকল্পনা সফল করতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি বলেন, ‘গাছ কোনো দলের সম্পদ নয়। যে-ই গাছ লাগাক, এর সুফল পাবে পুরো দেশ ও সমাজ।’ গাছ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ থেকে মানুষ অক্সিজেন পায় এবং যানবাহনসহ বিভিন্ন উৎস থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড ও দূষিত বায়ু শোষণ করে।

তিনি বলেন, গাছের সংখ্যা কমে যাওয়ায় ঢাকার বায়ুদূষণ দিন দিন বাড়ছে। এর ফলে মানুষের বিভিন্ন ধরনের অসুস্থতা বাড়ছে এবং হৃদ্রোগসহ নানা রোগের ঝুঁকি তৈরি হচ্ছে। তাই নিজেদের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার জন্যও বেশি করে গাছ লাগাতে হবে। প্রতিটি মানুষ একটি করে গাছ লাগালে এর সুফল পুরো সমাজ পাবে।

কামরাঙ্গীরচরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিটি স্কুলে গাছ লাগানো হলে পুরো এলাকা সবুজে ভরে উঠবে। শিক্ষার্থীদের শুধু গাছ লাগালেই হবে না, এর পরিচর্যা ও সুরক্ষার দায়িত্বও নিতে হবে।

অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া কামরাঙ্গীরচর থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাইম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।