শিরোনাম

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ (বাসস): রাজধানীর হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-গুলশান বিভাগ (ডিবি)।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি, পাঁচটি ককটেল, একটি স্পাইক ড্যাগার এবং চলচ্চিত্র শুটিং ইউনিটের দুইটি পরিচয়পত্র/ কার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. রাকিব (৩২), মো. রাশেদুল হাওলাদার (২৭), মো. জুবায়ের ইসলাম (৪০) ও বিজয় সরকার ওরফে ডেফিড (২৭)।
ডিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির পরিকল্পনার বিষয়টি জানতে পারে ডিবি গুলশান বিভাগ। ছয় সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল ওই বাসায় স্বর্ণ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটের পরিকল্পনা করছিল। ডাকাতির প্রস্তুতির অংশ হিসেবে ঘটনার আগের দিন দলটির সদস্যরা সংশ্লিষ্ট এলাকা রেকি করে যায়। বিষয়টি গোয়েন্দা নজরদারিতে আসার পর ডাকাত দলের সদস্যদের অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। পরবর্তীতে ডিবি গুলশান বিভাগের প্রায় ৪০ জন সদস্যের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছয় সদস্যের ওই ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়। ডাকাত দলের অপর দুই সদস্য গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।