বাসস
  ১১ আগস্ট ২০২৬, ১৮:১০

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ (বাসস): রাজধানীর শাহজাহানপুর থানার গুলবাগ এলাকায় ভাড়া বাসায় স্বপ্না খাতুন আক্তার নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি হলেন রুবেল মিয়া (৩২)। গত ৯ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আমতলা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

পুলিশ জানায়, প্রায় ১১ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। রুবেল বেকার এবং মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল।

পুলিশের তথ্যমতে, গত ৭ আগস্ট রুবেল তার স্ত্রীকে মারধর করলে পরদিন ৮ আগস্ট স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে ওই রাতেই তাদের মধ্যে আবারও ঝগড়া হয়।

পরদিন ৯ আগস্ট সকালে ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙাচোরা দেখতে পেয়ে স্বপ্না রুবেলকে বাসা থেকে চলে যেতে বলেন। এ সময় রুবেল তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান বলে পুলিশ জানায়।

পরে স্বপ্নার এক আত্মীয় বিছানার ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন।

এ ঘটনায় স্বপ্নার ভাই শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা করেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল হত্যার কথা স্বীকার করেন। পরে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।