বাসস
  ১১ আগস্ট ২০২৬, ১৮:০৩

সরকারি ক্রয় বিষয়ে বিপিপিএ’র চার সপ্তাহের প্রশিক্ষণ শুরু

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ (বাসস): সরকারি ক্রয় ব্যবস্থাপনায় কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) চার সপ্তাহব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। গত ৮ আগস্ট রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) ক্যাম্পাসে এ প্রশিক্ষণের প্রথম ব্যাচ শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চার সপ্তাহের অনাবাসিক এ প্রশিক্ষণে বিভিন্ন সরকারি দপ্তরের ২৮ জন কর্মকর্তা অংশ নিয়েছেন। তাদের মধ্যে চারজন নারী কর্মকর্তা রয়েছেন। প্রশিক্ষণ আগামী ১ সেপ্টেম্বর শেষ হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন ‘প্রকিউরমেন্ট মডার্নাইজেশন টু ইমপ্রুভ পাবলিক সার্ভিস ডেলিভারি’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণের মেয়াদ তিন সপ্তাহ থেকে বাড়িয়ে চার সপ্তাহ করা হয়েছে। একই সঙ্গে এর পরিধিও বাড়ানো হয়েছে। নতুন কর্মসূচিতে অতিরিক্ত কেস স্টাডি ও ব্যবহারিক সেশনের পাশাপাশি বিপিপিএ ও একটি ক্রয়কারী প্রতিষ্ঠানের কার্যালয় পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

পাবলিক প্রকিউরমেন্ট রুলস, ২০২৫-এ ভৌত সেবাকে সরকারি ক্রয়ের পৃথক শ্রেণি হিসেবে স্বীকৃতি দেওয়ায় এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ যুক্ত করা হয়েছে। এছাড়া ই-জিপি বিষয়ে ওরিয়েন্টেশন এক দিন থেকে বাড়িয়ে তিন দিন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন, সরকারি ক্রয় কার্যক্রমের মানোন্নয়নে কর্মকর্তাদের মৌলিক প্রকিউরমেন্ট প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। টেকসই উন্নয়ন অর্জনে টেকসই ক্রয় বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্ব দেন।

তিনি বলেন, অংশগ্রহণকারীদের সরকারি ক্রয় আইন ও বিধিমালার পাশাপাশি মানসম্মত দরপত্র দলিলের আলোকে সরকারি ক্রয়প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করতে হবে। সব সরকারি ক্রয়ে ই-জিপি বাধ্যতামূলক হওয়ায় এ ব্যবস্থা সম্পর্কেও তাদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন।

অনুষ্ঠানে ইএসসিবির রেক্টর মো. আশরাফুল আলম, আইইবির ভাইস প্রেসিডেন্ট (হিউম্যান রিসোর্সেস) ইঞ্জিনিয়ার শেখ আল আমিনসহ বিপিপিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চার সপ্তাহের দ্বিতীয় অনাবাসিক প্রশিক্ষণ আগামী ১৫ আগস্ট ইএসসিবিতে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর শেষ হবে। শুক্রবার ছাড়া সপ্তাহে ছয় দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।