শিরোনাম

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ (বাসস): রাজধানীর ধোলাইপাড়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড।
আজ (মঙ্গলবার) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় গতকাল (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত ১২ টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলা।
অভিযানে সন্দেহজনক ৩টি ভ্যান গাড়ি তল্লাশি করে প্রায় ১ কোটি ১৭ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
এসময় প্রকৃত মালিককে না পাওয়ায় ভ্যান চালকদের মুচলেকা নিয়ে ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত মালামাল বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আরও জানান, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।