বাসস
  ১১ আগস্ট ২০২৬, ১৭:০৮

কালো ধোঁয়া নির্গমন : জুলাই মাসে ডিএমপির ৯১৫টি মামলা

ঢাকা, ১১ আগস্ট ২০২৬ (বাসস) : রাজধানীতে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত জুলাই মাসে ৯১৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ (মঙ্গলবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশ জানায়, পরিবেশ দূষণ রোধ ও সড়কে চলাচলকারী যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জুলাই মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কালো ধোঁয়া নির্গমনের দায়ে এসব মামলা করা হয়।

ডিএমপির আটটি ট্রাফিক বিভাগের করা মামলার মধ্যে ট্রাফিক রমনা বিভাগে ৩৪টি, ট্রাফিক মতিঝিল বিভাগে ৩৫৪টি, লালবাগ বিভাগে ৪টি, ওয়ারী বিভাগে ১৭২টি, তেজগাঁও বিভাগে ১৩১টি, মিরপুর বিভাগে ৩৬টি, উত্তরা বিভাগে ১২৮টি এবং গুলশান বিভাগে ৫৬টি মামলা করা হয়েছে।

পরিবেশ দূষণ রোধে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।