শিরোনাম

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ (বাসস) : নেপালের কাঠমান্ডুতে সোমবার ‘তৃতীয় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’ শুরু হয়েছে।
নেপালের আইন ও বিচারমন্ত্রী সোবিতা গৌতম চার দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটির শিক্ষা ও বিজ্ঞানমন্ত্রী দস্মিত পোখরেল।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সাংস্কৃতিক বৈচিত্র্য, জলবায়ু ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য আদিবাসী ভাষা সাংবাদিকতা’ প্রতিপাদ্য নিয়ে রাষ্ট্রীয় সভা গৃহে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
ফেডারেশন অব নেপাল ইনডিজেনাস জার্নালিস্টসের (ফোনিজ) সভাপতি লাকি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেওয়ার জার্নালিস্টসের সভাপতি নৃপেন্দ্র লাল শ্রেষ্ঠ এবং সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমানসহ অনেকে।
আন্তর্জাতিক এই সম্মেলনে দক্ষিণ এশিয়ার ২৬টি দেশের বিপুল সংখ্যক প্রতিনিধি অংশ নিচ্ছেন। উদ্বোধনী দিনে অংশগ্রহণকারীরা প্রধানত আদিবাসী জনগোষ্ঠীর অধিকার এবং তাদের সম্প্রদায় সম্পর্কিত সরকারি নীতির ওপর আলোকপাত করে দু’টি কারিগরি অধিবেশনে অংশ নেন।
দ্বিতীয় অধিবেশনে নেপালে আদিবাসী ভাষার সাংবাদিকতার বর্তমান পরিস্থিতির ওপর আলোচনা করা হয়।
অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক অভিজ্ঞতা, জাতিসংঘের আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক (২০২২-২০৩২), বিশ্বব্যাপী চ্যালেঞ্জ ও অর্জন, নেপালের ভাষা কমিশনের ভূমিকা এবং সংবাদমাধ্যমের আইনি কাঠামো নিয়ে মতবিনিময় করেন।
দৈনিক আজকাল-এর বিশেষ প্রতিনিধি মো. জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই সম্মেলনে অংশ নিচ্ছে।
বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- দৈনিক বঙ্গবাণী-এর সম্পাদক মোস্তাক আহমেদ মোবারকী, দৈনিক ব্যাংক বিমা অর্থনীতির সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, দৈনিক আজকের প্রভাতের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. আবু বকর সিদ্দিক, দৈনিক আমার বাংলার নির্বাহী সম্পাদক পান্না জামান, চ্যানেল-এস টেলিভিশন অনলাইনের প্রতিনিধি শাহনাজ বেগম এবং এশিয়ান টিভির প্রতিবেদক ইরফান উদ্দিন ইরু।
এছাড়া ঢাকার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের তিন শিক্ষকও বাংলাদেশ প্রতিনিধিদলের অংশ হিসেবে সম্মেলনে যোগ দিয়েছেন। তারা হলেন- বিভাগীয় সমন্বয়কারী জুবায়ের আহমেদ, কেয়া বোস এবং ফরহাদ আলম।
সৎ ও আপসহীন থাকার কারণে একজন সাংবাদিকের দুর্দশার চিত্র তুলে ধরে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়।
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক ফরহাদ আলম প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন। এটি উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা পায়।