শিরোনাম

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ (বাসস) : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি যারা কাক্সিক্ষত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের প্রতি সমমর্মিতা ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে সংগঠনটি।
আজ ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের তরুণরাই দেশের ভবিষ্যৎ। আজকের তরুণরাই আগামী দিনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে- এটাই তাদের প্রত্যাশা।
ছাত্রদল প্রত্যাশা করে, তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখতার পরিবর্তে রাজনীতি সচেতন হয়ে উঠবে। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশীয় ও আধিপত্যবাদী যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
তাদের মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি মর্যাদাপূর্ণ আসনে প্রতিষ্ঠিত করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নতুন প্রজন্মের সুন্দর, নিরাপদ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন ভবিষ্যৎ নির্মাণে সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে ছাত্রদল।