শিরোনাম

নাটোর, ১০ আগস্ট, ২০২৬ (বাসস) : সৌদি আরবে অগ্নিকান্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ ব্যক্তির পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসন।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. আল এমরান খান নিহতদের বাড়িতে যেয়ে সমবেদনা জানান এবং সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
জেলা প্রশাসক আসমা শাহীন বাসস’কে বলেন, নিহতদের মরদেহ দেশে নিয়ে আসার ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা জোরদার করতে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে নিহতদের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতার প্রদান করা হবে।
উল্লেখ্য, গতকাল সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় কর্মরত অবস্থায় আগুনে পুড়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের ৩ জন মারা গেছেন। তাঁরা হলেন, দিঘীরপাড় গ্রামের মো. জাকির হোসেনের ছেলে শামীম আহমেদ (৩৫), খাজুরা শ্রীপুর পাড়ার গোলাম রাব্বানীর ছেলে সাব্বির হোসেন শুভ (৩০) এবং মহিষডাঙ্গা গ্রামের আসলাম হোসেনের ছেলে রবিউল আউয়াল হৃদয় (২৫)।