বাসস
  ১০ আগস্ট ২০২৬, ১৫:০২

পরিবেশের ভারসাম্য রক্ষায় ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে: প্রশাসক

ফাইল ছবি

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ (বাসস) : পরিবেশের ভারসাম্য রক্ষা ও ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকাকে সবুজে ভরে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, রাজধানীর বায়ুদূষণ কমানো ও প্রকৃতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে নগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিন বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে।

আজ সোমবার সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ডিএসসিসির আয়োজনে এবং ‘পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশ’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ডিএসসিসি প্রশাসক বলেন, 'ঢাকা শহরে এখন আগের মতো গাছপালা নেই। বায়ুদূষণের দিক থেকে সারা পৃথিবীতে ঢাকার অবস্থান ওপরের সারিতে, যা আমাদের কারও কাম্য নয়। পরিবেশ সুন্দর রাখতে এবং নগরবাসীকে সুস্থ রাখতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।'

তিনি বলেন, গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষা, কার্বন ডাই-অক্সাইড কমানো এবং মানুষকে অক্সিজেন সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আবদুস সালাম নিজের শৈশবের স্মৃতিচারণ করে বলেন, 'এই স্কুলে পড়ার সময় চারপাশে যে সুন্দর বাগান দেখেছি, তা এখন আর নেই। ঝড়-ঝঞ্ঝার সময় সুন্দরবন যেমন প্রাকৃতিক সুরক্ষা হিসেবে বাংলাদেশকে রক্ষা করে, গাছও তেমনি আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে।'

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগেই পরিবেশ সংরক্ষণ নিয়ে দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দেওয়া হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে দেশের পরিবেশ রক্ষায় আরও বেশি গাছ লাগানো প্রয়োজন।

প্রশাসক জানান, ইতোমধ্যে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ৫০০টি এবং প্রতিটি নির্বাচনী এলাকায় ৫০০টি করে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল কামরাঙ্গীরচরে বৃক্ষরোপণ করা হয়েছে এবং আগামী দুই দিনের মধ্যে খিলগাঁওয়ে বৃক্ষরোপণ করা হবে। এ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আগামী দিনে দেশের নেতৃত্ব তাদের মধ্য থেকেই আসবে। তাই এখন থেকেই নিজেদের সেভাবে গড়ে তুলতে হবে। পরিবেশ রক্ষায় প্রত্যেক শিক্ষার্থীকে নিজ বাড়ি, ছাদ কিংবা টবে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

‘পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশ’-এর সভাপতি অধ্যাপিকা সৈয়দা ফাতেমা সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা ইয়াসমিন।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।