শিরোনাম

দিনাজপুর, ৯ আগস্ট, ২০২৬ (বাসস) : দিনাজপুরের হিলি স্থলবন্দরে বহুল প্রতীক্ষিত চার লেন সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) তত্ত্বাবধানে আজ (রোববার) এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে মন্ত্রী বলেন, ‘হিলিবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত সড়কটির কাজ আজ আমরা ফের উদ্বোধন করলাম। হিলির মানুষকে কথা দিয়েছিলাম, ক্ষমতায় এলে অসমাপ্ত কাজগুলো শেষ করব। এটি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নেরই অংশ।’
তিনি বলেন, ‘হিলির মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই চার লেন সড়ক। নানা কারণে এর নির্মাণকাজ বন্ধ থাকলেও এখন তা পুনরায় শুরু হয়েছে। ফলে স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।’
হিলি স্থলবন্দর দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর একটি উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, প্রতিদিন এই বন্দর দিয়ে বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হচ্ছে। বন্দরের কার্যক্রম বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহনের চাপও বাড়ছে। তাই বন্দরের সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে যোগাযোগব্যবস্থার উন্নয়ন জরুরি।
চার লেন সড়কের নির্মাণকাজ শেষ হলে পণ্য পরিবহনে সময় ও ভোগান্তি কমবে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে হিলি স্থলবন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
মন্ত্রী আরও বলেন, হিলি স্থলবন্দরকে ঘিরে ইতোমধ্যে বিপুল মানুষের কর্মসংস্থান হয়েছে। যোগাযোগব্যবস্থা যত উন্নত হবে, ব্যবসা-বাণিজ্য তত সম্প্রসারিত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
জেলার হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয়। বন্দরকেন্দ্রিক পণ্যবাহী ট্রাকের পাশাপাশি স্থানীয় ও দূরপাল্লার যানবাহন চলাচল করায় জিরো পয়েন্ট থেকে চারমাথা ও মহিলা কলেজ পর্যন্ত সড়কে দীর্ঘদিন ধরে যানজট লেগেই থাকত।
নির্মাণকাজ শেষ হলে যানজট অনেকটাই কমে যাবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, এতে বন্দরের সঙ্গে সড়ক যোগাযোগ আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। উপকৃত হবেন ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ।
দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান, হিলি স্থলবন্দরে চার লেন সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি টাকা। গত ২৮ সেপ্টেম্বর থেকে এই সড়কের কাজ শুরু হয়। কিন্তু কিছু জটিলতার কারণে নির্মাণকাজ বন্ধ ছিল। ডা. জাহিদ হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় আজ পুনরায় কাজের উদ্বোধন করা হয়েছে।
তিনি জানান, হিলি বন্দর এলাকার মহিলা কলেজ থেকে জিরো পয়েন্ট এবং হিলি চারমাথা মোড় থেকে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের গেট পর্যন্ত ২ দশমিক ৫৮ কিলোমিটার সড়ক চার লেনে নির্মাণ করা হবে। এ জন্য মহিলা কলেজ থেকে চারমাথা হয়ে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কের জন্য জমি অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
সওজ-এর এই কর্মকর্তা জানান, গত বছর ২৭ সেপ্টেম্বর দিনাজপুর জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা থেকে চার লেন সড়ক নির্মাণের জন্য প্রস্তাবিত জমির মালিকদের ৭ ধারার নোটিশ দেওয়া হয়। জমি অধিগ্রহণ প্রায় শেষ পর্যায়ে। অধিগ্রহণ করা জমি সড়ক নির্মাণকাজের জন্য সওজের কাছে হস্তান্তর করা হয়েছে। মহিলা কলেজ থেকে চারমাথা হয়ে জিরো পয়েন্ট পর্যন্ত চার লেন সড়কের কাজ শুরু করার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
তিনি জানান, হিলি চারমাথা মোড় থেকে হিলি পোর্ট লিংক লিমিটেডের গেট পর্যন্ত জমি সওজ-এর হওয়ায় প্রায় ১০০ কিলোমিটার চার লেন সড়কের কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে।
হিলি বন্দর এলাকার ২ দশমিক ৫৮ কিলোমিটার সড়কটি ৫০ ফুট প্রশস্ত হবে। একই সঙ্গে মজবুত ও টেকসই পদ্ধতিতে সড়কটি নির্মাণ করা হবে বলে জানান তিনি।