বাসস
  ০৯ আগস্ট ২০২৬, ২০:১৫

বাহাদুর শাহ পার্কে অননুমোদিত মেলা উচ্ছেদের আল্টিমেটাম ডিএসসিসির

 ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ (বাসস) : ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্য ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলের পরিবেশ ফিরিয়ে আনতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

আজ রোববার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পার্কটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে পার্কের অভ্যন্তরে বৃক্ষরোপণ মেলার অনুমতি নিয়ে বসানো অননুমোদিত বাণিজ্যিক মেলার দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য আজ রাত পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

বৃক্ষরোপণ মেলার অনুমতি নিয়ে বাণিজ্যিক মেলা আয়োজনের কারণে পার্কে আগত দর্শনার্থী ও স্থানীয় জনগণের চলাচল, বসা ও হাঁটাচলায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল বলে জানানো হয়।

নির্ধারিত সময়ের মধ্যে অননুমোদিত মেলার দোকানপাট সরিয়ে না নিলে আগামীকাল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টদের চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে।

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষা এবং নগরীর উদ্যানগুলোর সার্বিক পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।