বাসস
  ০৯ আগস্ট ২০২৬, ১৯:৪৯

প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান আমিনুল হকের

ছবি : বাসস

ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ (বাসস) : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দেশের প্রতিটি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, শিক্ষার্থীরা যে গাছ লাগাবে, সেগুলোর হিসাব রাখা হবে এবং প্রয়োজন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরও গাছ সরবরাহ করা হবে।

আজ রোববার রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

আমিনুল হক বলেন, ‘তোমরা প্রত্যেকে বাসার সামনে, স্কুল-কলেজে কিংবা রাস্তার পাশে একটি করে গাছ লাগাবে। তোমরা যে গাছ লাগাবে, সেই হিসাবও রাখা হবে। প্রতিটি স্কুল ও কলেজের গাছের তালিকা থাকবে।’

তিনি বলেন, এখনই বৃক্ষরোপণের উপযুক্ত সময়। এ সময়ে গাছ লাগালে বর্ষার পানি ও অনুকূল আবহাওয়ার কারণে গাছ দ্রুত বেড়ে উঠবে। তাই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের এখনই বৃক্ষরোপণে সম্পৃক্ত হতে হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টিসহ বিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলোকে আরও সবুজ করে তোলা।

তিনি বলেন, ‘আমাদের নির্বাচনী অঙ্গীকারে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য রয়েছে। দেশ ও শহরকে আরও সবুজ করতে হলে সবাইকে এ কর্মসূচিতে অংশ নিতে হবে।’

আমিনুল হক বলেন, একটি গাছ শুধু পরিবেশের উপকার করে না, ভবিষ্যতে তা মানুষকে ফল, ছায়া ও ঔষধিসহ নানা উপকার দিতে পারে। তাই প্রতিটি শিক্ষার্থীর একটি করে গাছ লাগানোর উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি শিক্ষকদের প্রতি শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার আহ্বান জানান। প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছ লাগালে সম্মিলিতভাবে বড় ধরনের সবুজায়ন সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

আরাফাতের ময়দানের নিমগাছের উদাহরণ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে মানুষের উপকার করে আসা এসব গাছের মতো ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বৃক্ষরোপণ করে যেতে হবে। মানুষের উপকারে আসে এমন একটি গাছ লাগানোও বড় একটি ভালো কাজ।

তিনি বলেন, বিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলোতে শত শত গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।