বাসস
  ০৯ আগস্ট ২০২৬, ১৯:২১

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়তে হবে : ডিএসসিসি প্রশাসক

ছবি: বাসস

ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগালেই হবে না; নদী, খাল, ড্রেন ও রাস্তাঘাট পরিষ্কার রাখার পাশাপাশি সামাজিকভাবে পরিবেশ আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নিশ্চিতে সবাইকে পরিবেশ রক্ষার এ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আজ (রোববার) রাজধানীর কামরাঙ্গীরচরে ডিএসসিসির ৫৬ নম্বর ওয়ার্ডের বড়গ্রাম ব্যাটারিঘাট সড়ক ও বুড়িগঙ্গা নদীসংলগ্ন এলাকায় ‘বৃক্ষবৃত্তি ও সবুজ নগর গঠন’ কর্মসূচির আওতায় ১০ হাজার বৃক্ষরোপণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএসসিসির আয়োজনে এবং প্লান্ট স্কলারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ডিএসসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার আগ থেকেই পরিবেশ সুরক্ষায় বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্ব দিয়ে আসছেন।

আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সুন্দরবন যেমন ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করে, তেমনি সারা দেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হলে তা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষক, শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতা-কর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

আবদুস সালাম জানান, নদীর নাব্যতা ফিরিয়ে আনতে আগামী শুষ্ক মৌসুমে বুড়িগঙ্গা নদীর চ্যানেল খননের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ড্রেন ও নদীতে পলিথিন ও বর্জ্য না ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, পরিবেশ সুরক্ষার পাশাপাশি মাদকের বিরুদ্ধেও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। একটি সুস্থ ও সুন্দর নগর গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

কামরাঙ্গীরচরের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে প্রশাসক বলেন, দক্ষিণাঞ্চলের ২১ জেলার যানবাহন পদ্মা সেতু হয়ে ঢাকায় প্রবেশের সুবিধার্থে কামরাঙ্গীরচর এলাকায় আট লেনের সড়ক নির্মাণের কাজ চলছে। চলতি অর্থবছরে এ প্রকল্পে ২৩৬ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রকল্পের ৪৮ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

অনুষ্ঠানে বক্তারা বৃক্ষরোপণ, নদী রক্ষা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান।