শিরোনাম

চট্টগ্রাম, ৯ আগস্ট, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই স্বর্ণ বিক্রির ১৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা ও স্বর্ণের ওজন মাপার একটি ডিজিটাল নিক্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সেতু দাস (৪৩), মোহাম্মদ আলী (৪৩) ও দেবব্রত বণিক প্রকাশ বলাই বণিক (৩৭)। সেতু দাস প্রকাশ সালাউদ্দিনের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী থানার বড় উঠান এলাকায়। মোহাম্মদ আলীর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এবং দেবব্রত বণিক প্রকাশ বলাই বণিকের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। দেবব্রত বর্তমানে চট্টগ্রাম নগরের হাজারীগলির ৩২ নম্বর বণিক ভবনের চতুর্থ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
শনিবার (৯ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, আকবরশাহ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাই স্বর্ণ বিক্রির অর্থ ও স্বর্ণের ওজন মাপার ডিজিটাল নিক্তি উদ্ধার করা হয়। এ ঘটনায় আকবরশাহ থানায় মামলা হয়েছে। গ্রেফতার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আদালতে পাঠানো হয়েছে।