বাসস
  ০৯ আগস্ট ২০২৬, ১৫:০০

কাঠমান্ডুতে ৩য় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলনে ৯ বাংলাদেশি সাংবাদিকের যোগদান

ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ (বাসস) : নেপালের রাজধানী কাঠমান্ডুতে আজ থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’। ৯-১২ আগস্ট পর্যন্ত চলমান এ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৩০টি দেশের সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও গবেষক অংশ নিচ্ছেন।

‘সাংস্কৃতিক বৈচিত্র্য, জলবায়ু ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য আদিবাসী ভাষার সাংবাদিকতা’ প্রতিপাদ্যে অনুষ্ঠেয় এ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ও দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের হেড অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া শিয়াবুর রহমান।

প্রতিনিধি দলে আরও রয়েছেন - দৈনিক বঙ্গবাণীর সম্পাদক মুশতাক আহমেদ মুবারকী, দৈনিক আজকালের বিশেষ প্রতিবেদক মো. জিয়াউর রহমান, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতির সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামান, দৈনিক আজকের প্রভাতের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. আবু বকর সিদ্দিক, দৈনিক অমর বাংলার নির্বাহী সম্পাদক পান্না জামান, চ্যানেল এসের শাহনাজ বেগম এবং এশিয়ান টিভির অনলাইন ও রিপোর্টার ইরফান উদ্দিন।

এছাড়া সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আবদুর রহমান এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের তিন প্রভাষক জুবায়ের আহমেদ, কেয়া বোস ও ফরহাদ আলম সম্মেলনে অংশ নিচ্ছেন।

ফেডারেশন অব নেপালি ইন্ডিজিনাস ন্যাশনালিটিজ জার্নালিস্টস (ফোনিজ) সম্মেলনটির আয়োজন করছে। সার্বিক সহযোগিতায় রয়েছে সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ)।

সম্মেলনে মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে প্যানেল আলোচনা, গবেষণাপত্র ও কার্যপত্র উপস্থাপন করা হবে। পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

আয়োজকদের মতে, মাতৃভাষা সাংবাদিকতার পেশাদারিত্ব বৃদ্ধি, সরকারি নীতিতে এর গুরুত্ব প্রতিষ্ঠা এবং ভাষা, লিপি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই সম্মেলনের অন্যতম লক্ষ্য।