বাসস
  ০৮ আগস্ট ২০২৬, ১৯:৪৫

অপতথ্য ও গুজবের ভিড়ে দায়িত্বশীল সাংবাদিকতাই দেশকে এগিয়ে নিতে পারে : এনইউ উপাচার্য

এনইউ উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ আজ রাজধানীর সার্কিট হাউস রোডস্থ পিআইবি অডিটোরিয়ামে ২০২৬-এর নতুন ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ (বাসস) : তথ্যপ্রযুক্তির যুগে সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা ও সত্যতা বজায় রাখা অন্যতম প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, অপতথ্য ও ভুয়া সংবাদের ভিড়ে সঠিক তথ্য পৌঁছে দিতে সাংবাদিকদের স্বাধীন, অনুসন্ধানী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ কেবল দায়িত্বশীল সাংবাদিকতাই দেশ ও সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে পারে।

আজ রাজধানীর সার্কিট হাউস রোডস্থ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) অডিটোরিয়ামে ‘গণমাধ্যম বিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স ২০২৬’-এর নতুন ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি সামাজিক অঙ্গীকার ও মহৎ দায়িত্ব। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) যুগে সাংবাদিকতার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যা মোকাবিলায় সাংবাদিকদের নিয়মিত প্রযুক্তি ও আধুনিক জ্ঞান অর্জন করতে হবে।’

অসত্য তথ্য বা গুজব সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে পারে উল্লেখ করে তিনি তথ্যের সত্যতা যাচাই ও গুণগত মান রক্ষায় প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক গতিশীলতা নিয়ে অধ্যাপক ড. আমানুল্লাহ বলেন, ২০২৭ সালের জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সেই সেশনজট থাকবে না।

তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত সিলেবাস পরিবর্তন করে দক্ষতাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে।

এছাড়া শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ এবং মনন ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ‘পারফর্মিং আর্টস কলেজ’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ সভাপতিত্ব করেন। পিআইবির সহযোগী অধ্যাপক মনিরা শরমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী, পিআইবির সমন্বয়ক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।