বাসস
  ০৮ আগস্ট ২০২৬, ১৭:৪০

খুলনায় ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 

খুলনা, ৮ আগস্ট ২০২৬ (বাসস): জেলা শহরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিশেষ অভিযান চালিয়ে চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময় মাদক কারবারিদের কাছ থেকে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় চলমান অভিযানের অংশ হিসেবে আজ শনিবার সকালে খুলনা সদর থানার মিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬-এর সদর কোম্পানির একটি দল সকালে এই অভিযান পরিচালনা করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালি গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন সান্তু (৩৭) ও তার স্ত্রী সাফিয়া বেগম (৩২) এবং কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালি এলাকার মরিয়ম (২০) ও আয়েশা। আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার ও জব্দ করা হয়। 

র‌্যাব-৬-এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের এবং পরবর্তী আইনি পদক্ষেপের জন্য গ্রেপ্তারকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।