শিরোনাম

ঢাকা, ৭ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ১৭ বছরের ফ্যাসিবাদের আমলে আমাদের শিল্প, সংস্কৃতি ও গণতন্ত্র ধ্বংস হয়েছে। বারবার হোঁচট খাওয়ার কারণে গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। শিল্প-সংস্কৃতি ছেড়ে যুব সমাজ বর্তমানে মাদকের পেছনে ছুটছে। দেশকে মাদক থেকে মুক্ত করতে হলে সংস্কৃতির শক্তিতে এগিয়ে নিতে হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আজ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ‘অনুরাগ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি আজ এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, এক সময় আমাদের চলচ্চিত্রের স্বর্ণালী যুগ ছিল। কিন্তু আজ সেসব ইতিহাস অতীত হয়ে গেছে। যারা পাগলের মতো সংস্কৃতিকে ভালোবাসবে তারাই সংস্কৃতিকে এগিয়ে নিতে পারবে। কিন্তু আজ সেই প্রজন্ম হারিয়ে গেছে। তরুণরা জেগে উঠলেই দেশ ও সংস্কৃতি রক্ষা পাবে। দেশ ও গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব তরুণদের। ভালো কাজ করতে না পারলে, জনগণের ভালোবাসা পাওয়া যাবে না। এ জন্য অপেক্ষা করতে হবে। ভিনদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলে না। জনগণ ভালোবাসে বলেই বিএনপিকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে। তারেক রহমান আজ ভঙ্গুর রাষ্ট্রের দায়িত্ব নিয়ে সেটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করছেন।
আব্দুস সালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা এনেছিলেন। পরবর্তীতে বাকশালি শাসন ব্যবস্থার পর বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও দেশকে স্বৈরাচার মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। যোগ্য বাবা-মায়ের যোগ্য ছেলে দেশ চালাচ্ছে। সকল সমস্যার সমাধান হবে। অতএব, ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ।
‘অনুরাগ’ সভাপতি রুবিনা আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোস্তফা মতিহার।
কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে দশ বিশিষ্টজনকে ‘অনুরাগ’ সম্মাননা প্রদান করা হয়।
এর আগে, উত্তরীয় পরিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বরণ করিয়ে নেওয়া হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন উদীয়মান ও তারকা শিল্পীরা।