শিরোনাম

ঢাকা, ৭ আগস্ট ২০২৬ (বাসস) : টেকনাফে পৃথক দুইটি অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থানার লম্বরীঘাট মেরিন ড্রাইভ সংলগ্ন একটি জঙ্গলে গতকাল রাতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থানার শাহপরী দ্বীপের নাফ নদী সংলগ্ন জালিয়াপাড়া এলাকায় আজ শুক্রবার ভোরে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক একটি ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে, মাদক কারবারিরা তা অমান্য করে দ্রুত গতিতে পার্শ্ববর্তী জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীর তীরে বোট রেখে পালিয়ে যায়। পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।