বাসস
  ০৭ আগস্ট ২০২৬, ১৭:৩৬

বাহিনীকে আরও আধুনিক করতে ভূমিকা রাখবে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন : ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দীন আহমদ। ফাইল ছবি

ঢাকা, ৭ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দীন আহমদ বলেছেন, বাংলাদেশ পুলিশকে আধুনিক, পেশাদার ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অর্থবহ ভূমিকা রাখবে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জাতির সার্বিক উন্নয়নে অবদান রাখবে। সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় তিনি এ কথা বলেন।

রাজধানীর পুলিশ অফিসার্স মেস-এ বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ডিএমপি কমিশনার পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সরকার ও পুলিশকে যারা বিতর্কিত করতে চায় তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। পুলিশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও তার সদস্যদের কল্যাণ নিয়ে উপস্থিত সদস্যগণ তাদের মতামত তুলে ধরেন এবং বর্তমান চ্যালেঞ্জসমূহ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে পুলিশকে এগিয়ে নিতে সবাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ ও পুলিশের উর্দ্ধতন কর্মকতারা উপস্থিত ছিলেন।