বাসস
  ০৭ আগস্ট ২০২৬, ১২:২৩

কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ  

ফাইল ছবি

ময়মনসিংহ, ৭ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী কমিউটার ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। 

আজ শুক্রবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন খবরের সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোমধ্যে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও জানান, গফরগাঁও স্টেশনে ঢোকার আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দের পর ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুতের ঘটনা গটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বাসসকে জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়েছে। তবে কেন বা কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। ইতোমধ্যে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে রিলিফ ট্রেন কাজ করছে। উদ্ধার কাজ শেষ হলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।