শিরোনাম

ঢাকা, ৬ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীর বনানী এলাকায় ক্রেতা সেজে স্বর্ণালংকার কেনার চেষ্টাকালে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোটসহ মো. রুবেল আহমেদ ফকির নামে এক ব্যক্তিকে আজ গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
বনানী থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার বনানী সুপার মার্কেটের এক জুয়েলারি দোকানে দুই ব্যক্তি ক্রেতা পরিচয়ে প্রবেশ করে। তারা তাদের এক আত্মীয়ের বিয়ের জন্য প্রায় ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার কেনার আগ্রহ প্রকাশ করে এবং পছন্দ করা স্বর্ণালংকার বিল করে প্যাকেট করতে বলে। একপর্যায়ে দোকান কর্তৃপক্ষ মূল্য পরিশোধের জন্য টাকা চাইলে, তারা একটি কালো রঙের ট্রলি ব্যাগ থেকে টাকা বের করে দোকানের কাচের টেবিলের ওপর রাখে। টাকাগুলো দেখে দোকানের কর্মচারীদের সন্দেহ হলে তারা সেগুলো জাল নোট বলে শনাক্ত করেন। বিষয়টি বুঝতে পেরে দুই জন পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন একজনকে আটক করতে সক্ষম হন। অন্যজন কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে বনানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যক্তিকে হেফাজতে নেয়।
এ সময় তার কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মো. রুবেল আহম্মেদ ফকিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।