শিরোনাম

ঢাকা, ৬ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন তাদের কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা করে অর্থের বিনিময়ে ভুয়া ভিসা ও কনস্যুলার সেবা দেওয়ার প্রলোভন দেখানো প্রতারকদের বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে।
মঙ্গলবার ভারতীয় মিশনের পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা কারি করা হয়। মিশনের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টেও বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
হাইকমিশন জানিয়েছে, সম্প্রতি কিছু প্রতারক ফোনকল, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ই-মেইলের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে নিজেদের হাইকমিশনের প্রতিনিধি পরিচয় দিচ্ছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভিসা প্রদান বা অর্থ দাবি করার জন্য ভারতীয় হাইকমিশনের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম বা ই-মেইলের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করবেন না।’
এতে আরও বলা হয়, সব ভিসা আবেদন নির্ধারিত বিধি ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসারেই নিষ্পত্তি করা হয়।
হাইকমিশন জনগণকে এ ধরনের ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অর্থ পরিশোধ না করা এবং ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে।
এ ধরনের প্রতারকের খপ্পরে পড়লে বা তাদের যোগাযোগ পেলে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্য যেকোনো প্রাসঙ্গিক তথ্য [email protected] ঠিকানায় ই-মেইল করে দ্রুত হাইকমিশনকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
ভারতীয় হাইকমিশন একই সঙ্গে সবাইকে সতর্ক থাকার এবং এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতনতা বাড়িয়ে অন্যদের সুরক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।