শিরোনাম

ঢাকা, ৬ আগস্ট, ২০২৬ (বাসস) : ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে বহু মানুষ শহীদ হন, অসংখ্য ব্যক্তি আহত হন এবং অনেক পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে গভীর অর্থনৈতিক ও মানসিক সংকটের মুখোমুখি হয়।
এমন বাস্তবতায় বিএনপির চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আহত ব্যক্তি ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তাঁর নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে দেশব্যাপী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে পৌঁছে তাদের খোঁজখবর নেওয়া, সহমর্মিতা প্রকাশ এবং প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা প্রদানের কার্যক্রম শুরু হয়।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পাশে দাঁড়াতে আমরা বিএনপি পরিবার যেসব কাজ করছে তার বাস্তব চিত্র ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে তৈরি করা হয়েছে একটি বিশেষ প্রামাণ্যচিত্র।
প্রতিনিধি দল দেশের বিভিন্ন জেলায় গিয়ে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাদের বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করে। প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা, আর্থিক সহযোগিতা, শিক্ষা সহায়তা, জীবিকা পুনর্বাসন ও ঘর নির্মাণসহ বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
এই প্রামাণ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনসংগ্রাম, তাঁদের বেদনা, আশা ও ঘুরে দাঁড়ানোর গল্পের পাশাপাশি ‘আমরা বিএনপি পরিবার’-এর মানবিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় তুলে ধরা হয়েছে।
এটি শুধু সহায়তার গল্প নয়; এটি দায়বদ্ধতা, সহমর্মিতা এবং মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য মানবিক দৃষ্টান্ত।