শিরোনাম

পটুয়াখালী, ৬ আগস্ট, ২০২৬ (বাসস) : সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে গত ২দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় জনজীবন ব্যাহত হচ্ছে। নীচু এলাকায় পানি জমে সড়ক যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়েছে। পাশাপাশি বর্ষাকালীন সবজির বীজতলা, পুকুর ও মাছের ঘের তলিয়ে যাওয়ায় ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষক ও মৎস্য চাষিরা।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টা বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
টানা বৃষ্টির কারণে জেলা শহরের বিভিন্ন সড়ক ও নীচু এলাকায় পানি জমে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে রিকশাচালক, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের আয়-রোজগারে নেতিবাচক প্রভাব পড়েছে।
শহরের বড় বিঘাই এলাকার রিকশাচালক করিম হাওলাদার বলেন, ‘দুইদিন ধরে বৃষ্টির কারণে সকালে রাস্তায় তেমন মানুষ ছিল না। ফলে যাত্রীও কম ছিল। বেলা বাড়ার পর কিছুটা যাত্রী পাওয়া গেলেও স্বাভাবিক সময়ের তুলনায় আয় কম হয়েছে।’
কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের কৃষক হরিদাস ঘরামী বলেন, ‘দুই দিনের বৃষ্টিতে আমাদের এলাকার বেশির ভাগ সবজির বীজতলা পানির নীচে চলে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে বীজতলায় পচন ধরতে পারে। এছাড়া অনেক পুকুর ও মাছের ঘেরও তলিয়ে গেছে।’
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বাসস’কে বলেন, ‘সক্রিয় মৌসুমী বায়ুর কারণে জেলায় বৃষ্টিপাত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টা বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।’
আবহাওয়ার এমন পরিস্থিতিতে কৃষকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং মৎস্য চাষিদের মাছের ঘের ও পুকুরের বাঁধের প্রতি নজর রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।