বাসস
  ০৫ আগস্ট ২০২৬, ১৭:৩৭

জুলাই শহীদদের স্মরণ, গণতন্ত্র সমুন্নত রাখার আহ্বান জেডআরএফের

ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ (বাসস) : জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে এবং গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।

আজ বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনারের পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আজ ৫ আগস্ট গভীর শ্রদ্ধা ও অশ্রুসিক্ত হৃদয়ে আমরা স্মরণ করি সেই সব শহীদকে, যাঁরা স্বৈরাচারমুক্ত, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।’

বিবৃতিতে বলা হয়, ‘কারও সন্তানের অপেক্ষা আজও শেষ হয়নি, কারও মায়ের বুক আজও শূন্য, কারও পরিবারের অশ্রু আজও শুকায়নি। তাঁদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরকাল অম্লান হয়ে থাকবে এবং আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার কখনোই বিনা মূল্যে অর্জিত হয় না।’

এতে আরও বলা হয়, ‘শহীদদের রক্ত যেন কখনো বৃথা না যায়। তাঁদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা, গণতন্ত্র ও মানুষের অধিকার সমুন্নত রাখা এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই হবে তাঁদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধাঞ্জলি।’