শিরোনাম

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান-সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে একসঙ্গে কাজ করবেন।
আজ মঙ্গলবার রাজধানীর রামপুরার হাতিরঝিলে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে আয়োজিত শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ। এখানে ধর্ম নিয়ে কোনো বিভেদ নেই। সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দেশ গঠনে ভূমিকা রাখবেন।
তিনি বলেন, গত জাতীয় নির্বাচনে হিন্দু সম্প্রদায় যেভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি সমর্থন ও সহযোগিতা দিয়েছে, ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।
মো. শফিকুল ইসলাম খান বলেন, আগামী নির্বাচনে তিনি মনোনয়ন পান বা না পান, প্রধানমন্ত্রী যাকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন, হিন্দু সম্প্রদায়ের প্রতি তার আহ্বান থাকবে সেই প্রার্থীর পাশে দাঁড়িয়ে তাকে বিজয়ী করতে। তিনি বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, তিনি সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।
তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা যখনই সিটি করপোরেশনে কোনো প্রয়োজনে তার কাছে এসেছেন, তিনি সাধ্যের মধ্যে সহযোগিতা করার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।
ডিএনসিসি প্রশাসক বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ির নিরাপত্তায় তারা পাশে ছিলেন এবং ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে পাশে থাকবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ সবার। এখানে কোনো বৈষম্যের স্থান নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছেন এবং সেই উদ্যোগ সফল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
পরিচ্ছন্ন ঢাকা গড়ার আহ্বান জানিয়ে তিনি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বলেন, মন্দির ও বাসাবাড়ির বর্জ্য নির্ধারিত স্থানে রাখলে সিটি করপোরেশনের কর্মীরা তা নিয়মিত অপসারণ করবে। পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।