শিরোনাম

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ (বাসস) : সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিল, স্বাক্ষর ও অফিসিয়াল লেটারহেড জালিয়াতির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মো. ফারুক হোসেন (৪১), সাকিব খান (২৫), মাসুম মুনসী (৪৫), মীর তৌহিদুল ইসলাম (৩৬) ও মো. বকুল মন্ডল (৩৫)।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ডিবির একটি টিমের ধারাবাহিক অভিযানে আজ মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকা থেকে মো. ফারুক হোসেন ও সাকিব খান নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে মীর তৌহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এছাড়া ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের চাহিদার প্রেক্ষিতে কালকিনি থানা গ্রেফতারকৃত মাসুম মুনসীকে ডিবি হেফাজতে নেওয়া হয়।
অপরদিকে কুষ্টিয়া মডেল থানা এলাকা থেকে চক্রের আরেক সদস্য মো. বকুল মন্ডলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন সংসদ সদস্য ও মন্ত্রীপরিষদ সচিবদের অফিসিয়াল লেটারহেড প্যাড চার বান্ডিল, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও অন্যান্য উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের সিল ও স্বাক্ষর সম্বলিত ৪১টি সিল, প্রতারণা ও জালিয়াতির কাজে ব্যবহৃত আটটি মোবাইল ফোন, প্রতারণা ও জালিয়াতির কাজে ব্যবহৃত দুটি কম্পিউটার ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হেেছ।