বাসস
  ০৪ আগস্ট ২০২৬, ১৯:৫৬

সম্মিলিত আত্মত্যাগ ও সংগ্রামে গণঅভ্যুত্থান সফল হয়েছে: এমপি ওয়াহাব  

ছবি : বাসস

ময়মনসিংহ, ৪ আগস্ট, ২০২৬ (বাসস): বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিক পরিণতি।

আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ছাত্র-জনতা, রাজনৈতিক কর্মীসহ সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ছিল। তাদের সম্মিলিত আত্মত্যাগ ও সংগ্রামের ফলেই গণঅভ্যুত্থান সফল হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষ্যে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও রাজনৈতিক সংস্কৃতি সমুন্নত রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, শিষ্টাচার এবং দায়িত্বশীল রাজনৈতিক চর্চা অপরিহার্য। নতুন প্রজন্মের রাজনৈতিক নেতৃত্বকে গণতান্ত্রিক মূল্যবোধ, সহনশীলতা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। 

জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, জুলাইয়ের আন্দোলন কেবল দুই মাসের আন্দোলন নয়, বরং গত ১৬-১৭ বছরের সংগ্রামের ধারাবাহিকতা। 

দীর্ঘ সময় ধরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নির্যাতন ও কষ্ট সহ্য করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্ররা যে আন্দোলনের সূচনা করেছিল, তা পরবর্তীতে সারাদেশের মানুষের আন্দোলনে পরিণত হয়। শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ মানুষ, নারী এবং সরকারি কর্মচারীসহ সব শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে আন্দোলন সফল হয় এবং ফ্যাসিবাদী শাসনের পতন ঘটে। 

তিনি বলেন, অস্ত্র ছাড়াই এই আন্দোলনে বিজয় অর্জিত হয়েছে, যা মানুষের অদম্য মনোবলেরই প্রমাণ। 

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো ব্যক্তি বা দলের একার নয় এটি দেশের আপামর মানুষের আন্দোলন। তাই এই চেতনাকে বিভাজনের নয়, ধারণ ও লালনের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। জুলাই আন্দোলনের ইতিহাস বিকৃত না করে প্রকৃত অবদানকে মূল্যায়ন করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস.এম হুমায়ুন কবির সরকার।

এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজীদ, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, সিটি করপোরেশনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।