বাসস
  ০৪ আগস্ট ২০২৬, ১৯:১৭

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

ছবি: বাসস

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ (বাসস) : ‘মানবতা, আত্মত্যাগ ও জাতীয় চেতনায় শহীদদের অবদান’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় সোসাইটির জাতীয় সদর দপ্তরের প্রশিক্ষণ কক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মো. আব্দুস সালাম।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম আর্তমানবতার কল্যাণে নিবেদিত রেড ক্রিসেন্ট’র সাতটি মূলনীতিকে ধারণ করার ওপর গুরুত্ব আরোপ করে এক্সক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণের নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় চেতনা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধকে আরও সমৃদ্ধ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও আত্মমর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন, যেখানে জাতীয় ঐক্য, গণমানুষের অংশগ্রহণ এবং দেশপ্রেম হবে রাষ্ট্রগঠনের মূল ভিত্তি। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায়ও সেই মূল্যবোধের প্রতিফলন লক্ষ্য করা যায়।’

স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুল কবির, ট্রেজারার ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম (রানা), ম্যানেজিং বোর্ড সদস্য অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান, এডভোকেট রফিকুল ইসলাম সিকদার ও ড. জামিল আহমেদ। 

এতে সভাপতিত্ব করেন সোসাইটির মহাসচিব কবির এম আশরাফ আলম। এসময় সোসাইটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবিক সেবা ও জাতীয় কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।