বাসস
  ০৪ আগস্ট ২০২৬, ১৭:৪৬

মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করছে সরকার : ইউজিসি সদস্য

ছবি : বাসস

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ (বাসস) : মাদ্রাসা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে তাদের তথ্যপ্রযুক্তি, ডিজিটাল দক্ষতা, গবেষণা ও উদ্ভাবনে অধিকতর সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি জানান, মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মমুখিতা বৃদ্ধির লক্ষ্যে ইউজিসির উদ্যোগে শিগগিরই মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষার্থী ও শিক্ষা বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে, যেখানে উন্নয়নের বাস্তবভিত্তিক রোডম্যাপ প্রণয়ন করা হবে। ওই কর্মশালায় নারী শিক্ষার্থী ও নারী শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও তিনি বিশেষ জোর দেন।

অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্নের উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

বর্তমান সরকার শিক্ষা, অর্থনীতি ও সামাজিক কাঠামোর পুনর্গঠনে নিরলসভাবে কাজ করছে। জাতীয় উন্নয়নের এই অভিযাত্রায় মাদ্রাসা শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে তৃতীয় ভাষা শিক্ষা, সফট স্কিলস, ইন্টার্নশিপ ও উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, এসব দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জুলাই-পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে মাদ্রাসা শিক্ষার্থীরা দক্ষ, সৃজনশীল, প্রযুক্তিনির্ভর ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতিকে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রেরণা জোগায়। মাদ্রাসা শিক্ষার্থীদের নৈতিকতা, আধুনিক জ্ঞান, তথ্যপ্রযুক্তি দক্ষতা ও কর্মমুখী শিক্ষায় সমৃদ্ধ করে যুগোপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ট্রেজারার শাহিনুল ইসলাম এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।