বাসস
  ০৪ আগস্ট ২০২৬, ১৫:৩৭

বাবা হারালেন বাসসের জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ মোহাম্মদ পীতু

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ (বাসস): বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক এবং বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সাবেক যুগ্ম সম্পাদক সাঈদ মোহাম্মদ পীতুর বাবা নুরুল ইসলাম আকন্দ ইন্তেকাল করেছেন।

আজ মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর মিরপুর-১ এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি প্রায় দুই বছর ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন এবং শয্যাশায়ী ছিলেন। আজ বাদ মাগরিব মিরপুরের মধ্য পাইকপাড়া জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)- এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ আজ এক বার্তায় সাঈদ মোহাম্মদ পীতুর বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।