বাসস
  ০৩ আগস্ট ২০২৬, ২২:২১

ধানমন্ডি লেকে কমল-শাপলার চারা রোপণ করলেন ছাত্রদল নেতা প্রিন্স 

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ (বাসস) : পরিবেশ সংরক্ষণ ও নগরের জলাশয়ের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর ধানমন্ডি লেকে কমল, শাপলাসহ নানা প্রজাতির জলজ উদ্ভিদের চারা রোপণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স। 

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে আজ সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। 

এ সময় ছাত্রদল নেতা মিনহাজ আহমেদ প্রিন্স সংগঠনের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানমন্ডি লেকের বিভিন্ন পয়েন্টে প্রায় শতাধিক জলজ উদ্ভিদের চারা রোপণ করেন। একইসাথে লেক ও এর আশপাশে জমে থাকা প্লাস্টিক, পলিথিন বর্জ্য এবং আগাছা অপসারণের এক পরিচ্ছন্নতা অভিযানেও নেতৃত্ব দেন তিনি।

আয়োজকরা জানান, সৌন্দর্যবর্ধক জলজ উদ্ভিদ বিস্তারের মাধ্যমে লেকের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। 

কর্মসূচি সম্পর্কে মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, ধানমন্ডি লেক কেবল রাজধানীর একটি বিনোদনকেন্দ্র নয়, এটি নগরের পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা চাই, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সমাজ ও পরিবেশের কল্যাণেও তরুণরা ভূমিকা রাখুক। সেই চিন্তা থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ত উদ্যোগ হাতে নিয়েছি। 

তিনি বলেন, আজকের এই কর্মসূচি কোনো সাময়িক কর্মসূচি নয়, বরং পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও নিয়মিতভাবে বৃক্ষরোপণ, জলাশয় সংরক্ষণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এ সময় পরিবেশ রক্ষার এই জনকল্যাণমূলক কাজে সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান ছাত্রদল নেতা প্রিন্স।

কর্মসূচিতে জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।