শিরোনাম

ঢাকা (দক্ষিণ), ৩ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার কেরানীগঞ্জে রাসায়নিক কারখানার আড়ালে পরিচালিত একটি অবৈধ ইয়াবা কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
অভিযানে কারখানাটিতে তৈরি করা ১৯ হাজার পিস ইয়াবা এবং ইয়াবা তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় কারখানার মালিক নাসির হোসেনকে (৪০) হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব।
আজ সোমবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের সাবান ফ্যাক্টরি এলাকার 'মদিনা কমপ্লেক্স'-এ অভিযানস্থল কারখানার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-২-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) নাজমুল হাসান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে ফয়সাল ইসলাম মিঠু নামে এক মাদককারবারিকে ১১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের ‘নাছির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামের ওই কারখানায় অভিযান চালানো হয়। সেখান থেকে ইয়াবা তৈরির বিভিন্ন যন্ত্রপাতি, বিপুল পরিমাণ কাঁচামাল ও ১৯ হাজার পিস তৈরি করা ইয়াবা উদ্ধার এবং কারখানার মালিক নাসিরকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতার নাসির হোসেন রাসায়নিক কারখানার আড়ালে প্রায় ১০ বছর ধরে ইয়াবা উৎপাদন করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ইয়াবা তৈরির দক্ষ কারিগর ও কেমিস্ট হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি কারখানাটি কিনে গোপনে ইয়াবা প্রস্তুত করতেন এবং রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
র্যাব জানায়, অভিযানে জব্দ করা আলামত সংরক্ষণ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
পাশাপাশি এই মাদক চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর মাত্র চার দিন আগে গত বৃহস্পতিবার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকা থেকেও একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পায় র্যাব-১০। ওই অভিযানে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা, কাঁচামাল ও যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছিল।