বাসস
  ০৩ আগস্ট ২০২৬, ২০:২৯

ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস

ছবি : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ (বাসস): ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। 

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সম্মেলন কক্ষে রোববার ও সোমবার এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ক্র্যাবের ৪৮ জন রিপোর্টার এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার পদ্ধতি, প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্প ব্যবস্থাপনা ও সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

আজ ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন, সহকারী পরিচালক মো. মোস্তফা মোহসীন, ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশা প্রমুখ।

অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার আজ সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।