বাসস
  ০৩ আগস্ট ২০২৬, ১১:৩১

প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বাণিজ্যের অভিযোগে আটক এক 

ছবি: বাসস

বাগেরহাট, ৩ আগস্ট, ২০২৬ (বাসস) : বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে মো. কামরুজ্জামান টুকু শেখ (৩৫) নামে এক যুবককে আটক করেছে মোংলা থানা পুলিশ।

রোববার রাত ১২টার দিকে মোংলা থানা পুলিশ তাকে উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়েছে।

আটক মো. কামরুজ্জামান টুকু শেখ মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন আটকের বিষয়টি বাসস’কে নিশ্চিত করে জানান, প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র অবৈধ তদবির বাণিজ্য করছে-এমন গোপন তথ্যের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। পরে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে চক্রটির সঙ্গে জড়িত ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে মোংলা থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল অভিযান চালায়। অভিযানে মো. কামরুজ্জামান টুকু শেখ নামের এক যুবককে আটক করা হয়।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বাসস’কে জানান, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের সিল ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মো. কামরুজ্জামান টুকু শেখকে আটক করা হয়েছে। তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত একটি সিল ও স্ট্যাম্প জব্দ করা হয়েছে। এসব সামগ্রী ব্যবহার করে প্রতিমন্ত্রীর পরিচয় ও পদবি কাজে লাগিয়ে অবৈধ তদবির বাণিজ্য করে আসছিল সে। এ ঘটনায় মোংলা থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।