বাসস
  ০২ আগস্ট ২০২৬, ২৩:০৩

সাভারের বংশী নদীতে মাছের পোনা অবমুক্ত করল ঢাকা জেলা যুবদল

ছবি: বাসস

সাভার, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং বংশী নদীর জীববৈচিত্র্যের সংরক্ষণের লক্ষ্যে সাভারের বংশী নদীতে প্রায় ৬ মন মাছের পোনা অবমুক্ত করেছে ঢাকা জেলা যুবদল।

আজ (রোববার) ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বংশী নদীতে রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান প্রধান অতিথি হিসেবে পোনা মাছ অবমুক্ত করেন।

এ সময় আইয়ুব খান বলেন, এক সময় নানান প্রজাতির দেশি মাছে সমৃদ্ধ বংশী নদী দখল আর দূষণের কবলে পড়ে মাছশূন্য হয়ে পড়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সারাদেশে খাল খননসহ নদী-নালা দখলমুক্ত করে পরিবেশের ভারসাম্য ঠিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা বংশী নদীতে বিভিন্ন প্রজাতির দেশি মাছের পোনা অবমুক্ত করেছি।

আয়োজক যুবদলের নেতা-কর্মীদের পক্ষ থেকে জানানো হয়, নদী দখল, দূষণ এবং অপরিকল্পিতভাবে মাছ আহরণের কারণে দেশীয় মাছের সংকট চলছে। এ সময় নদী দূষণ রোধ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তফা সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক টিটুসহ যুবদলের স্থানীয় নেতাকর্মী, পরিবেশ সচেতন ব্যক্তি ও এলাকাবাসী পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন।