বাসস
  ০২ আগস্ট ২০২৬, ১৮:৫৫

ওজনে কম দেওয়ায় নাবিস্কো বিস্কুটকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআইয়ের

ঢাকা, ২ আগস্ট, ২০২৬(বাসস): বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের মোড়কে ঘোষিত ওজনের তুলনায় কম ওজনের পণ্য বাজারজাত এবং একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখ করার অপরাধে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর ভ্রাম্যমাণ আদালত। 

বিএসটিআই-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের মোড়ক নিবন্ধন সনদ অনুযায়ী ওজন যাচাই করা হলে দেখা যায়, পণ্যের প্রকৃত ওজন মোড়কে ঘোষিত ওজনের তুলনায় কম। এছাড়া একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখ করা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে এবং প্রচলিত আইনের পরিপন্থী।

ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

আজ রোববার ঢাকা মহানগরের তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এলাকায় বিএসটিআই-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। এ সময় বিএসটিআই’র প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ লিজা (সিএম) এবং পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমাম, পরিদর্শক উপস্থিত ছিলেন।

ভোক্তাদের অধিকার সংরক্ষণ, সঠিক ওজন নিশ্চিতকরণ এবং বাজারে ন্যায্য বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে বিএসটিআই-এর মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।