বাসস
  ০২ আগস্ট ২০২৬, ১৭:১৭

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিএসএফআইসি ও জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি : বাসস

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) ও জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ ও নিবিড় পরিচর্যার মহাপরিকল্পনার অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে।

রোববার সকাল ১০টায় বিএসএফআইসি সদর দপ্তরের নবম তলার ছাদে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএফআইসি-এর চেয়ারম্যান মো. শামছুজ্জামান (সুরুজ)।

পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ও যুগ্মসচিব ড. আব্দুল আলীম খান, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) ও যুগ্মসচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান, পরিচালক (অর্থ) ও যুগ্মসচিব তাহমিনা আক্তার, পরিচালক (বাণিজ্যিক) আজহারুল ইসলাম, সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, সিওপি শাহীনা তানাজ, জিয়া পরিষদের সভাপতি কৃষিবিদ মো. আবু রায়হান, সহ-সভাপতি মো. নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফ সরকার জুয়েলসহ বিএসএফআইসি-এর কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিএসএফআইসি-এর সম্মেলন কক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান মো. শামছুজ্জামান (সুরুজ)। এছাড়া জিয়া পরিষদের সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

চেয়ারম্যান তাঁর বক্তব্যে দেশ ও জাতির উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণ অপরিহার্য।

এই কর্মসূচির প্রথম পর্যায়ে ইতিমধ্যে চিনিশিল্পের আওতাধীন উত্তরাঞ্চলের ১৬টি জেলায় বিএসএফআইসি এবং জিয়া পরিষদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে কর্পোরেশনের আওতাধীন প্রতিটি মিল এলাকায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে এবং ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ অব্যাহত রয়েছে। 

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।