শিরোনাম

খুলনা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, সুন্দর, সবুজ ও বাসযোগ্য খুলনা গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করছি। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ তারই এক অনন্য উদাহরণ।
বৃক্ষ আমাদের পরম বন্ধু। আমাদের জীবন ধারণের জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান অক্সিজেন আমরা গাছ থেকেই পাই। অথচ নগরায়ন ও আধুনিকতার দোহাই দিয়ে দিন দিন আমরা গাছ কেটে ফেলছি, যা আমাদের জলবায়ু ও পরিবেশের ওপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলছে। তাপমাত্রা বৃদ্ধি, অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের মূল কারণ পরিবেশের ভারসাম্যহীনতা।
গতকাল শনিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় খুলনার খালিশপুর নিউজপ্রিন্ট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা আরও বলেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের দিক-নির্দেশনায় আমাদের শিল্পনগরী খুলনাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব নগরীতে রূপান্তর করতে কেডিএ (KDA) নিরলসভাবে কাজ করছে। তবে শুধু সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে পুরো শহরকে সবুজ করা সম্ভব নয়। এজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিটি বাড়ি এবং প্রতিটি নাগরিকের এগিয়ে আসা প্রয়োজন।
এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সমাজসেবক খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খুলনা মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক স ম আব্দুর রহমান, মো. আবুল কালাম জিয়া, খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এ্যাড. মোহাম্মদ আলী বাবু, তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা মহানগর আহবায়ক মো. আবু সাইদ শেখ, সদস্য সচিব এ্যাড. আসলাম হোসেন, যুগ্ম-আহবায়ক মোঃ আলমগীর হোসেন রাজা, ১৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ শাহিনুল ইসলাম পাখি প্রমুখ।
খালিশপুর থানা তাঁতীদলের সভাপতি শেখ আব্দুর রহিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খালিশপুর থানা তাঁতীদল সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পারভেজ মোল্লা, ১৫নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মিজানুর রহমান, ১৪নং ওয়ার্ড সভাপতি শেখ আনিসুর রহমান, ১৩নং ওয়ার্ড সভাপতি আব্দুস ছালাম। এরআগে আনোয়ার-রুবি ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর ২২নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ‘রেইন কোর্ট’ বিতরণ করেন কেডিএ চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম মনা।