বাসস
  ০২ আগস্ট ২০২৬, ১৩:৩৮
আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৪:২৭

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান এগিয়ে ১ অক্টোবর নির্ধারণ

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর আওতায় সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের তারিখ পরিবর্তন করা হয়েছে।

আগামী ২৯ অক্টোবরের পরিবর্তে এগিয়ে এনে আগামী ১ অক্টোবর যোগদানের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর মাধ্যমে শূন্য পদে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে পূর্বঘোষিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হয়ে যোগদান করতে হবে। নির্বাচিত এসব প্রার্থীদের যথাসময়ে নিজ নিজ ঠিকানায় বা নির্ধারিত নিয়মে নিয়োগপত্র পাঠানো হবে।

নিয়োগ প্রক্রিয়া ও পদায়নের পরবর্তী ধাপ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৪ অক্টোবর তাদের নির্দিষ্ট বিদ্যালয়ে পদায়ন করা হবে। পদায়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পরবর্তীতে তাদেরকে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য পাঠানো হবে।