বাসস
  ০১ আগস্ট ২০২৬, ১৫:৪৩
আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৫:৪৭

পরিবহন খাতকে আরও গতিশীল করা হবে : শিমুল বিশ্বাস

ছবি : বাসস

ঢাকা, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও সড়ক পরিবহন মালিক-শ্রমিকের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি বলেছেন, শ্রমিক মালিকদের সহযোগিতায় পরিবহন খাতকে আরও গতিশীল করা হবে।

তিনি বলেন, পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে সড়ক পরিবহন শ্রমিকদের পেশাগত নানা সংকট, অধিকার, নিরাপত্তা ও চলমান সমস্যার সমাধানে সারা দেশ থেকে আগত শ্রমিক নেতৃবৃন্দের অংশগ্রহণে এক জরুরি মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন শ্রমিকদের সমস্যা সমাধানে আব্দুর রহিম বক্স দুদুর সভাপতিত্বে সড়ক পরিবহন নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের কর্মক্ষেত্রের নানামুখী সমস্যা, সড়ক নিরাপত্তা, শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণমূলক সুবিধা এবং পরিবহন খাতের বিদ্যমান সংকট তুলে ধরেন। 

এ সময় বক্তব্য রাখেন- সজিব আলী, মোহাম্মদ হানিফ, জেনারেল ইসলাম, আব্বাস উদ্দিন, আবুল কাশেম, জোবায়ের জাকির, মো. মুসা, আ. আলিম, বালা মিয়া, হাজী শাহজাহান, হাজী ময়নুল ইসলাম, রবিউল ইসলাম, আবু সরকার, ফিরোজ খাঁন, আব্দুল বারিক, মমিনুল ইসলাম লাভলু, নজরুল ইসলাম, মোহাম্মদ মুসা ও হাসান মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেন, ‘সড়ক পরিবহন খাত দেশের অর্থনীতির অন্যতম প্রাণশক্তি। শ্রমিক ও মালিকদের পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে পরিবহন খাতকে আরও আধুনিক ও গতিশীল করে তুলতে হবে।’

তিনি আরও বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবি-দাওয়া বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা, নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে শ্রমিক-মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি জননেতা মো. হুমায়ুন কবির খান। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করে বলেন, আলোচনা ও সাংগঠনিক শক্তির মাধ্যমেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং চলমান সমস্যার কার্যকর সমাধান সম্ভব।

মতবিনিময় সভায় শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা পরিবহন খাতের চলমান সংকট নিরসন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং সার্বিক উন্নয়নে সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের বলিষ্ঠ ভূমিকা ও আন্তরিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।