বাসস
  ৩১ জুলাই ২০২৬, ২২:০৬

আইসিজে গ্লোবাল মিডিয়া গ্রুপ ও সার্ক জার্নালিস্ট ফোরামের মধ্যে সমঝোতা স্মারক

ঢাকা, ৩১ জুলাই, ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক সাংবাদিকতা সহযোগিতা জোরদার, সংবাদমাধ্যমের স্বাধীনতা উন্নীতকরণ এবং দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের জন্য পেশাগত সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে আইসিজে গ্লোবাল মিডিয়া গ্রুপ এলএলসি এবং সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ)-এর মধ্যে তিন বছর মেয়াদি একটি কৌশলগত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারকে নিউইয়র্কে সার্ক জার্নালিস্ট ফোরামের আন্তর্জাতিক সভাপতি রাজু লামা এবং সার্বিয়ার বেলগ্রেডে আইসিজে গ্লোবাল মিডিয়া গ্রুপ এলএলসি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাশা দোব্রিয়েভিচ স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান স্বাধীন সাংবাদিকতার বিকাশ, পেশাগত মানোন্নয়ন এবং দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃশ্যমান করে তুলতে যৌথভাবে কাজ করবে। পারস্পরিক সম্মান, পেশাগত নৈতিকতা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা এ অংশীদারিত্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতা বিকাশে উভয় প্রতিষ্ঠানের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।

সমঝোতার আওতায় সার্ক জার্নালিস্ট ফোরাম আইসিজির ‘আইসিজে ফ্রেন্ডস' প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কে যুক্ত হবে। পাশাপাশি উভয় প্রতিষ্ঠান নিজেদের ডিজিটাল প্ল্যাটফর্মে একে অপরের অফিসিয়াল লোগো ও ওয়েবসাইটের লিংক প্রদর্শন করবে। এছাড়া আইসিজে প্ল্যাটফর্মে সার্ক জার্নালিস্ট ফোরামের একটি আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক প্রোফাইল তৈরি করা হবে, যেখানে সংগঠনটির কার্যক্রম, অর্জন এবং বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হবে।

এই সমঝোতার মাধ্যমে সার্ক জার্নালিস্ট ফোরামের সদস্য সাংবাদিকদের ইন্টারকন্টিনেন্টাল কানেকশন অব জার্নালিস্টস (আইসিজে)-এর সদস্য হতে উৎসাহিত করা হবে। সদস্যরা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নেটওয়ার্কে যুক্ত হওয়া, পেশাগত প্রশিক্ষণ গ্রহণ, প্রকাশনার সুযোগ, আন্তর্জাতিক প্রেস ক্রেডেনশিয়ালস অর্জন, বৈশ্বিক মিডিয়া প্যানেলে অংশগ্রহণ এবং আইসিজে-এর বিভিন্ন পুরস্কারের জন্য যোগ্যতা অর্জনের সুযোগ পাবেন।

এছাড়া প্রিমিয়াম সদস্যরা আইসিজে মার্কেটপ্লেস-এর মাধ্যমে অনুসন্ধানী ও এক্সক্লুসিভ সাংবাদিকতা আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশ ও বিতরণের সুবিধা পাবেন।

সমঝোতা স্মারকে যৌথ প্রকল্প বাস্তবায়ন, তথ্য বিনিময়, অনলাইন মতবিনিময় এবং দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক পর্যায়ে গণমাধ্যমের সংহতি জোরদারে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এ সমঝোতা পারস্পরিক সদিচ্ছার ভিত্তিতে সম্পাদিত হয়েছে এবং এটি কোনো আর্থিক বা বাণিজ্যিক বাধ্যবাধকতা সৃষ্টি করে না।

চুক্তিটি প্রাথমিকভাবে তিন বছরের জন্য কার্যকর থাকবে। উভয় পক্ষের লিখিত সম্মতির ভিত্তিতে এটি নবায়ন করা যাবে। এছাড়া যেকোনো পক্ষ ৬০ দিনের লিখিত নোটিশের মাধ্যমে সমঝোতা বাতিল করতে পারবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতা আন্তর্জাতিক গণমাধ্যম সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে সার্ক অঞ্চলের সাংবাদিকদের জন্য বৈশ্বিক সাংবাদিক নেটওয়ার্কে যুক্ত হওয়ার নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা, নৈতিক সাংবাদিকতা এবং পেশাগত উৎকর্ষ অর্জনে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।