বাসস
  ৩১ জুলাই ২০২৬, ২১:৪৪
আপডেট : ৩১ জুলাই ২০২৬, ২২:১৬

আই-টেক অ্যান্ড কনসালট্যান্সির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বৃহত্তর ময়মনসিংহ সমিতির ভবনে ‘ই-টেক অ্যান্ড কনসালট্যান্সি’ অফিসে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: বাসস

ঢাকা, ৩১ জুলাই, ২০২৬ (বাসস): বাংলাদেশে গ্লোবাল এডুকেশনের ব্র্যান্ডিং নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘আই-টেক অ্যান্ড কনসালট্যান্সি’-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

আজ (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর বৃহত্তর ময়মনসিংহ সমিতির ভবনে ‘ই-টেক অ্যান্ড কনসালট্যান্সি’ অফিসে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এর আগে মহান সৃষ্টিকর্তার অশেষ রহমত কামনা এবং প্রতিষ্ঠানটির নতুন যাত্রার সফলতা, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা এই দোয়া মাহফিলে অংশ নেন।

উদ্বোধনের পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় আয়োজন করা হয়। এ সময় বক্তারা জানান, আড়াই বছরের মধ্যে বাংলাদেশ জাপানে পাঁচ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য হাতে নিয়েছে।

তারা আরও বলেন, জাপানের বিশেষ দক্ষ কর্মী (এসএসডব্লিউ) কর্মসূচির অধীনে কেয়ারগিভিং, ড্রাইভিং এবং সিভিল নির্মাণ খাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

এ ধরনের উদ্যোগ বাংলাদেশের যুবসমাজকে বৈশ্বিক শিক্ষা ও শ্রমবাজারের সঙ্গে সংযুক্ত করতে এবং দক্ষ জনশক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন বক্তারা।