বাসস
  ৩১ জুলাই ২০২৬, ২০:২২

গবেষণা ও দক্ষতা অর্জনে তরুণদের প্রতি আহ্বান শিমুল বিশ্বাসের

শুক্রবার গাজীপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় কমিটি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাস।ছবি: বাসস 

ঢাকা, ৩১ জুলাই, ২০২৬ (বাসস : প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে তরুণদের গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা অর্জনের মাধ্যমে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ জন্য মানসম্মত শিক্ষা, গবেষণা এবং বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আজ শুক্রবার গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক টু পয়েন্ট জিরো’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় কমিটি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাস এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী আইইউটির ১৭তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুজ্জামান তানভিনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে ২০২৪ সালের নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় নিহত আইইউটির শিক্ষার্থী মীর মোজাম্মেল হোসেন নাইম, জোবায়ের আলম সাকিব এবং মুবতাসিম রহমান মাহিনের প্রতিও শ্রদ্ধা জানান।

এ সময় তিনি বলেন, ‘অটোমেক টু পয়েন্ট জিরো’ সময়োপযোগী ও ব্যতিক্রমধর্মী একটি আয়োজন, যা শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে বাস্তবমুখী প্রযুক্তিচর্চায় উৎসাহিত করবে। সফল আয়োজনের জন্য আইইউটি কর্তৃপক্ষ, মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আইইউটি অটোমোবাইল সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

শিমুল বিশ্বাস বলেন, আইইউটি ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থান তৈরি করেছে।

তিনি বলেন, উদ্ভাবনই উন্নয়নের প্রধান চালিকাশক্তি এবং মেধাবী মানবসম্পদই উদ্ভাবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। বিশ্ব ইতিহাসের বিভিন্ন যুগান্তকারী পরিবর্তনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বর্তমান বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর চতুর্থ শিল্পবিপ্লবের যুগে অবস্থান করছে। তাই শিক্ষার পাশাপাশি ইতিহাস থেকেও শিক্ষা গ্রহণের প্রয়োজন রয়েছে।