বাসস
  ৩১ জুলাই ২০২৬, ২০:০৭

ব্যবসায়ী হত্যার ঘটনায় স্বামী রিমান্ডে, স্ত্রী কারাগারে

ঢাকা, ৩১ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর হাতিরঝিলে কাঁচামাল ব্যবসায়ী এমাদুল হাওলাদার রাজুকে (৪৮) হত্যার অভিযোগে করা মামলায় প্রধান আসামি মো. বজলু মিয়া ওরফে বজুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে বজলুর স্ত্রী সাথী আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

আজ (শুক্রবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক শুনানি শেষে এ আদেশ দেন। 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এস আই মো. নাসিম দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত বজুর স্ত্রী সাথীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, নিহত এমাদুল হাওলাদার রাজু কারওয়ান বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। একই বাজারে ব্যবসা করতেন প্রধান আসামি বজলু মিয়াও। ব্যবসায়িক লেনদেন নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ২৮ জুলাই সন্ধ্যায় ব্যবসার কথা বলে রাজুকে নিজের বাসায় ডেকে নেন বজলু। সেখানে কথাবার্তার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠের ডান পাশে আঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মগবাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় গত ২৯ জুলাই হাতিরঝিল থানায় হত্যা মামলা দায়ের করেন ভুক্তভোগীর বড় বোন শাহানা বেগম।