শিরোনাম

সুনামগঞ্জ, ৩১ জুলাই, ২০২৬ (বাসস) : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালির হাওরসহ বিভিন্ন এলাকায় চলমান উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ জেলা সফরের অংশ হিসেবে তিনি জামালগঞ্জের হালির হাওর এলাকায় নির্মাণাধীন উড়াল সড়ক এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়ন প্রকল্প এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে মন্ত্রিপরিষদ সচিব প্রকল্পের সার্বিক অগ্রগতি, নির্মাণ কাজের গুণগত মান এবং বাস্তবায়নের বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত অবহিত হন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান নিশ্চিত করে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে হাওরের জীববৈচিত্র্য ও স্থানীয় বসতবাড়ির সম্ভাব্য ক্ষতির বিষয়ে তিনি বলেন, প্রকল্পটি এমনভাবে বাস্তবায়ন করা হবে যাতে হাওরের জীববৈচিত্র্য সংরক্ষিত থাকে এবং মানুষের ঘরবাড়ির কোনো ক্ষতি না হয়। পরিকল্পনায় এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়া হয়েছে। এছাড়া এই প্রকল্পের আওতায় সুরমা নদীর ওপর একটি সেতুও নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর মধ্যনগর সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এ অঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।
এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব মো. মাহবুবুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. মিনহাজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, জেলা নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।