বাসস
  ৩১ জুলাই ২০২৬, ১৯:০১

রাজধানীতে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার ৩

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস): রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট-সংলগ্ন লিংক রোডে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ। 

বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো-রবিউল ইসলাম (৪০), মো. আজাদ (৩০) ও মো. রাজন (৩৪)।

পুলিশ জানায়, অভিযানে বিভিন্ন ধরনের ৪৬৪টি ধারালো অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল, ব্যাটন স্টিক এবং আসল আগ্নেয়াস্ত্রের আদলে তৈরি খেলনা পিস্তল।

উদ্ধারকৃত এসব অস্ত্র ও সরঞ্জাম রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।  

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অপরাধ দমনে এবং অবৈধ অস্ত্রের সরবরাহ বন্ধে ডিএমপির এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।